আবারো যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে দুই জন নিহত হয়েছেন। নিহতরা হলেন-বাস চালক রুস্তুম আলী (৪০) ও সুপারভাইজার ইয়াজমূল (৩০)।
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জের রামপট্টি এলাকায় রোববার ভোরে দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। তাদেরকে বরিশাল শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ১০টায় ঢাকার সায়দাবাদ থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসে মেঘনা পরিবহনের একটি নৈশকোচ (ঢাকা মেট্রো ব ০২-০৫৩০)। ভোররাতে বাবুগঞ্জের রামপট্টি এলাকায় আসলে বাম পাশের চাকা বিকল হয়ে যায়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই চালক রুস্তুম আলী নিহত হন। পরে হেলপার ইয়াজমূলকে বরিশাল শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
এদিকে আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
ইতোমধ্যে বিমানবন্দর থানা পুলিশ দুর্ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।


0 Comments
Thank's for your comment...