দীর্ঘদিনের প্রেমিকা প্রিয়া রাঞ্চালকেই জীবনসাথী করে নিলেন বলিউড অভিনেতা জন আব্রাহাম। টুইটার বার্তায় নববর্ষের শুভেচ্ছা জানানোর পাশাপাশি ভক্তদের সঙ্গে স্ত্রী
প্রিয়া আব্রাহামের পরিচয় করিয়ে দিয়েছেন তিনি। গত বছর লস অ্যাঞ্জেলেসে প্রিয়ার সঙ্গে জন গাঁটছড়া বেঁধেছেন বলে খবর চাউর হয়েছিল। তখন বিষয়টিকে অস্বীকার করলেও টুইটার বার্তায় প্রিয়াকে প্রিয়া আব্রাহাম সম্বোধন করে আনুষ্ঠানিকভাবে বিয়ের খবর জানালেন জন।খবর জি-নিউজের।
টুইটার বার্তায় জন লিখেছেন, ‘আপনার এবং আপনার ভালোবাসার মানুষটির জন্য মঙ্গলময় ২০১৪ সাল কামনা করছি। নতুন বছরটি আপনাদের সবার জীবনে ভালোবাসা, সৌভাগ্য ও আনন্দ বয়ে আনুক। ভালোবাসাসহ জন ও প্রিয়া আব্রাহাম।’
২০১০ সালের এপ্রিলে একটি জিমে প্রিয়ার সঙ্গে জনের প্রথম পরিচয় হয়। প্রিয়ার আগে বলিউডের অভিনেত্রী বিপাশা বাসুর সঙ্গে টানা আট বছর প্রেম করেছেন জন। তাঁরা দীর্ঘদিন এক ছাদের নিচেও বসবাস করেছেন। ২০১১ সালের শুরুর দিকে দীর্ঘদিনের সম্পর্ক ভেঙে যাওয়ার ঘোষণা দেন জন ও বিপাশা।


0 Comments
Thank's for your comment...