Recents in Beach

header ads

মাইক্রোসফটের প্রধান নির্বাহী নাদেলা

সম্ভাব্য প্রায় একশো প্রার্থীর মধ্য থেকে ভারতে জন্ম নেয়া সত্যিয়া নাদেলাকেই প্রধান নির্বাহী হিসেবে বেছে নিয়েছে বিল গেটসের মাইক্রোসফট৷ প্রধান নির্বাহী হওয়ার আগে নাদেলা মাইক্রোসফটের ‘ক্লাউড অ্যান্ড এন্টারপ্রাইজ' বিভাগের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ছিলেন৷ ১৯৯২ সালে তিনি মাইক্রোসফটে কাজ শুরু করেছিলেন৷
নাদেলাকে নতুন দায়িত্বে স্বাগত জানিয়ে বিল গেটস এক ভিডিও বার্তায় বলেন, "মোবাইল কম্পিউটিং আর ক্লাউডের যুগে মাইক্রোসফটকে এগিয়ে নিতে সত্যিয়ার সঠিক ব্যাকগ্রাউন্ড রয়েছে৷"

দায়িত্ব নেয়ার পর এক সাক্ষাৎকারে নাদেলা বলেন, "আমি সম্মানিত এবং একইসঙ্গে বিনয় ও উৎসাহ বোধ করছি৷"

ভারতের হায়দ্রাবাদের নাদেলা সেখানকার একটি স্কুল থেকে পড়াশোনা শেষ করে মনিপাল বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নেন৷ এরপর তিনি পাড়ি জমান অ্যামেরিকায়৷ সেখানে মাস্টার্স করার পাশাপাশি এমবিএ-ও করেন নাদেলা৷ স্কুলে পড়ার সময় তিনি স্কুল দলের হয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে অংশ নেন৷ বার্তা সংস্থা এএফপি লিখেছে, নাদেলা খেলা থেকে টিমওয়ার্ক আর নেতৃত্বের গুণাবলী শিখেছেন বলে জানিয়েছেন৷

বিল গেটস যেমনটা বলেছেন বর্তমান যুগটা হচ্ছে মোবাইল আর ক্লাউডের৷ তিনি অনেক আগে বিষয়টা উপলব্ধি করতে পারলেও তাঁর কোম্পানি এক্ষেত্রে অন্যান্য কোম্পানির সঙ্গে পাল্লা দিতে পারেনি বলে মনে করেন বিশ্লেষকরা৷ এই অবস্থা থেকে বের হয়ে মাইক্রোসফটকে আবারও প্রতিযোগিতায় নিয়ে আসাটাই হবে নাদেলার চ্যালেঞ্জ৷
তিনি যে এই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত সেটা সাক্ষাৎকারেই বুঝিয়ে দিয়েছেন৷ তিনি বলেছেন, "আমরা ক্লাউড-ফার্স্ট, মোবাইল-ফার্স্ট যুগে বাস করছি৷"
কোম্পানির সারফেস ট্যাবলেট, ভিডিও গেম কনসোল এক্সবক্স আর উইন্ডোজ চালিত মোবাইল ফোনের প্রতি ব্যবহারকারীদের আগ্রহী করে তোলার পরিকল্পনার কথা ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন নাদেলা৷

এএফপি জানিয়েছে, "নাদেলার নিয়োগের খবরের পর তারা যত বিশ্লেষকের সঙ্গে যোগাযোগ করেছে তাঁরা সবাই বলেছে যে, মাইক্রোসফটকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো দক্ষতা আর ক্ষমতা আছে নাদেলার৷"

Post a Comment

0 Comments